বিশ্ববাজারে খাদ্যের দাম কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসের ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে খাদ্যের দাম কমতে শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে বিশ্বের প্রধান খাদ্যপণ্যগুলোর দাম প্রায় ৩ শতাংশ কমেছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত খাদ্যের দামের সূচক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এফএওর ওই প্রতিবেদনে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যের মধ্যে চিনির দাম ১০ শতাংশ, গম ও ভোজ্যতেল ৭ এবং চালের দাম ৬ শতাংশ কমেছে। তবে দুগ্ধজাতীয় পণ্যের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। আর বেশির ভাগ পণ্যের গড় দাম গত বছরের মার্চ মাসের তুলনায় এখনো ৩৭ শতাংশ বেশি রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশের খাদ্যপরিস্থিতি মূল্যায়ন করে বলা হয়েছে, এখানে চালের দাম খুব একটা না কমলেও স্থিতিশীল আছে। সরকারিভাবে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা ও আমদানি দ্বিগুণ করায় দাম স্থিতিশীল রয়েছে। ঢাকায় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি দামে এক কেজি চাল বিক্রি হচ্ছে বলে মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, গত দুই মাসে গমের আমদানিমূল্য কমলেও ঢাকায় গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি দামে গম বিক্রি হচ্ছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত বৃহস্পতিবারের বাজারদর পর্যবেক্ষণ অনুযায়ী, মোটা চালের দাম প্রায় ৩ শতাংশ কমে মানভেদে ৩২ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিকন চাল একই হারে কমে প্রতি কেজি মানভেদে ৪০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আটার দাম ৭ শতাংশ কমে প্রতি কেজি ২৮ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্যতেলের দাম প্রায় ১ শতাংশ কমে প্রতি লিটার ১০৩ থেকে ১০৬ টাকায় বিক্রি হচ্ছে।এফএওর বাণিজ্য ও বাজার বিভাগের পরিচালক ডেভিড হালম এ ব্যাপারে বলেন, প্রায় আট মাস পর চলতি মাসে দাম কমতির দিকে রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেল এবং জাপানের ভূমিকম্পের কারণে খাদ্যের দাম আবারও বাড়তে পারে।এফএওর প্রতিবেদনে অবশ্য এই আশাবাদ রাখা হয়েছে, গত বছর খাদ্যের দাম বাড়ায় উৎপাদনকারী দেশগুলোর কৃষকেরা আগের চেয়ে বেশি দাম পেয়েছেন। ফলে উৎপাদন বাড়ায় জোগান বেড়ে দামও কমতে পারে।প্রতিবেদনটি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, বিশ্ববাজারে যেসব পণ্যের দাম যে হারে কমছে, দেশে সেই একই হারে কমছে কি না, তা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে হবে।গমের দাম এত দিন অস্বাভাবিক বেশি ছিল বলে মন্তব্য করে মাহবুব হোসেন বলেন, ইউক্রেন ও কানাডা গম রপ্তানি শুরু করায় দাম কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশের আরও গম বাজারে আসবে। ফলে গমের দাম আরও কমবে। গমের দাম কমলে চালের চাহিদা কমে দামও কমতে শুরু করবে বলে মন্তব্য করে তিনি বলেন, এতে বাজারে স্বস্তি আসতে পারে।