
আগামী ২০ সেপ্টেম্বর সারা বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকা পালন করবে ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে ২০১৪’। এ উদ্যোগের আয়োজন করছে স্পার্কনিউজ, বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ সংবাদপত্রের যৌথ সহযোগিতা নিয়ে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সমসাময়িক, প্রেরণামূলক ও অনুকরণীয় উদ্যোগের বিশ্লেষণী প্রতিবেদন ও ফিচার নিয়ে স্পার্কনিউজ গত বছর থেকে ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ পালন করছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের উদ্যোগে সংগৃহীত মানুষের আকর্ষণীয় ব্যক্তিগত বা সমবায়ী প্রচেষ্টার সেরা কাহিনিগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরতেই এ উদ্যোগ। চলতি বছর বিশ্বের ৪০টি দেশের শতাধিক শীর্ষ সংবাদপত্র এ কার্যক্রমে যুক্ত হয়েছে। বাংলাদেশে প্রথম আলো এ উদ্যোগের সহযোগী।
এ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বজুড়ে গণমাধ্যমে প্রকাশিত হবে নানা দেশের মানুষের ইতিবাচক ও অভূতপূর্ব উদ্যোগের গল্প, স্থানীয় সমস্যা সমাধানের প্রেরণাভরা কাহিনি। তেমন ঘটনা নিয়ে লিখে এ আয়োজনে সম্পৃক্ত হতে পারেন যে কেউ। প্রথম আলোর কর্মীরাও এতে অংশ নিতে পারবেন। লেখা ছাপা হবে প্রথম আলোয় এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। লেখার বিষয় হতে হবে: পরিবেশ, প্রযুক্তি, স্বাস্থ্য, সংস্কৃতি ও সমাজ, গতিশীলতা/কার্যকর নগর, খাদ্য ও কৃষি, জ্বালানি, ডিজাইন, শিক্ষা ও চাকরি, অর্থনীতি ও বিনিয়োগ ইত্যাদি বিষয়ে। বাছাই করা ১০টি লেখা থেকে সেরা তিনটি লেখা প্রকাশিত হবে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায়।
বাংলা বা ইংরেজি ভাষায় লেখা জমা দেওয়া যাবে। লেখা লিখতে হবে সর্বোচ্চ ৭০০ শব্দের মধ্যে। লেখার সঙ্গে স্বত্ব ত্যাগ করে অন্তত তিনটি আলোকচিত্রও জমা দিতে হবে। লেখার সঙ্গে পাঠাতে হবে লেখকের নাম, ফোন নম্বর, ঠিকানা ও ই-মেইল। লেখা ও ছবি পাঠানোর শেষ তারিখ ১ জুন ২০১৪। লেখা পাঠানোর ঠিকানা: ইমপ্যাক্ট জার্নালিজম ডে, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ অথবা ই-মেইল: [email protected]। এ সম্পর্কে বিশদ জানতে দেখুন: http://ijd.sparknews.com/ijd-2014।