বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম স্থগিতের দাবি
পার্বত্যচুক্তি বাস্তবায়নের আগে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সব ধরনের কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম স্থগিতের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের দক্ষিণ কালিন্দীপুরের জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কার্যালয় থেকে যুব সমিতির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলে সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা যোগ দেন। মিছিলটি বনরূপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে এসে সমাবেশ করে।
যুব সমিতির সভাপতি সুনির্মল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পার্বত্যচুক্তি বাস্তবায়ন না করে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা করা হলে যেকোনো ভয়াবহ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। বক্তারা বলেন, তাঁরা উচ্চশিক্ষা চান। তবে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নসহ পার্বত্যচুক্তি বাস্তবায়ন করতে হবে। তা না করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সরকারের দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার ছাত্র ও যুববিষয়ক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহসাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাচ্চু চাকমা।