উন্নত দেশে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান (ইন্ডাস্ট্রি) একসঙ্গে কাজ করে। ইন্ডাস্ট্রি বিভিন্ন সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে আসে। বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সেসবের সমাধান করেন। এতে দুই প্রতিষ্ঠানই উপকৃত হয় এবং দেশের উন্নয়ন হয়। বাংলাদেশেও উচ্চশিক্ষাকে বিকশিত ও যুগোপযোগী এবং দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়-ইন্ডাস্ট্রির একযোগে কাজ করার সময় এসেছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক কর্মশালায় গবেষকেরা এসব কথা বলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত ‘লিঙ্কেজ বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি’ শীর্ষক কর্মশালায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইন্ডাস্ট্রির সঙ্গে যোগসূত্র তৈরি এবং এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় এ বিশ্ববিদ্যালয়েই প্রথম এ ধরনের কর্মশালার আয়োজন করা হলো। প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক লুৎফুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দীন। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, যৌথ গবেষণা, গবেষণা সম্প্রসারণ, তথ্য বিনিময়, একাডেমিক প্রশিক্ষণ ও মেধাস্বত্ববিষয়ক নিয়মতন্ত্র প্রণয়নে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি একযোগে কাজ করতে পারে। এতে ইন্ডাস্ট্রিগুলোর চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো গ্র্যাজুয়েট তৈরি করবে ও গবেষণা করবে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক মনোরঞ্জন দাস, ছাত্রবিষয়ক উপদেষ্টা এস ডি চৌধুরী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুছ, পশুপালন অনুষদের ডিন মো. জসিমউদ্দিন খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুভাষ চন্দ্র চক্রবর্তী, ভেটেরিনারি অনুষদের ডিন মাহবুব মোস্তফা, কৃষি অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুছ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন আবদুর রশীদ গবেষণালব্ধ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন।