বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল ইসলাম
সাইফুল ইসলাম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপনকে (২১) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মামা খলিল মন্ডল গতকাল সোমবার বিকেলে গোয়ালন্দঘাট থানায় ওই মামলা করেন।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার মোল্লা জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে মো. সুমন শেখকে দৌলতদিয়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে সাইফুল ইসলাম দৌলতদিয়া যৌনপল্লিতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন। তিনি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সভাপতি মোহন মন্ডলের একমাত্র ছেলে। ওই সময় সাইফুলের বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকার সাভারের একটি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে দৌলতদিয়া বাজারের ব্যবসায়ীরা খুনিদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছেন। বাজার এলাকাসহ যৌনপল্লিতে চরম আতঙ্ক বিরাজ করছে।