বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদুজ্জামান খালেদকে (২০) অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তম চন্দ্র গ্রামের হুমায়ুন কবির (২৬), গোলাপগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামের ফাহিম আহমদ (২৬) ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের মুকিত আল মাহমুদ (২৩)।

মামলায় অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন। তাঁরা হচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হুমায়ুনের মা রিনা বেগম, দুই বোন লাকি বেগম ও ডলি বেগম, বিয়ানীবাজারের সাইব উদ্দিন ও গৌছ উদ্দিন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত তিন আসামিই কারাগারে আছেন।

অাদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খালেদুজ্জামানকে ২০১৪ সালের ২১ জুলাই সিলেট নগরের বন্দরবাজার থেকে অপহরণ করা হয়। অপহরণের পর ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় তাঁর বাবা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের বাসিন্দা ছালেহ আহমদের কাছে। মুক্তিপণের টাকা না দেওয়ায় খালেদুজ্জামানকে হত্যা করা হয়। ২৫ জুলাই ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মুখে স্কচটেপ লাগানো এবং হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় খালেদুজ্জামানের বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মো. বদরুজ্জামান মামলার তদন্ত করে ওই আটজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন হয়। মামলার মোট ৩৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।