বিশ্ববিদ্যালয় রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার সভা করে ওই দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. মিজানুর রহমান।
শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. মিজানুর রহমান ও সদস্যসচিব এ টি এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে বহিষ্কার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে পিএইচডি গবেষক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম ও বহিষ্কৃত ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্রদের নিয়ে তথাকথিত ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে লিপ্ত হন। শিক্ষকদের লাঞ্ছিত করতে থাকেন। সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনকালে তাঁরা উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তাদের সম্পর্কে নানা ধরনের অশ্লীল, মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়কে অচল করার চেষ্টা করছেন। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও ওই ছাত্ররা সেই বিধি লঙ্ঘন করছেন। তাঁরা ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনকেও লাঞ্ছিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গুটি কয়েক ছাত্রের কার্যকলাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাই অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়কে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে শিক্ষক সমিতির সভা থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকেরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ইফতেখারুল ইসলাম, অরুণ কান্তি রায়সহ উচ্ছৃঙ্খল ছাত্রদের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একাধিক মামলা করা হয়েছে। এর পরও পুলিশের সামনেই তাঁরা বারবার শিক্ষকদের লাঞ্ছিত করছেন। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে। শিক্ষক সমিতির সভা থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, শিগগিরই উচ্ছৃঙ্খল ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।