বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্লাস বর্জন
দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ রোববার শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো প্রবর্তনসহ চার দফা দাবিতে তিন ঘণ্টার জন্য ক্লাস বর্জন, অবস্থান কর্মসূচি ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মসূচির উদ্যোক্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা আজ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় এ কর্মসূচি পালন করেন। ২০ আগস্ট পর্যন্ত এখানে শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। প্রথম দিনে সাত শ জনের বেশি শিক্ষক তাঁদের দাবির পক্ষে সই করেছেন।
ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অবস্থান কর্মসূচিতে বলেন, ‘আজ ৩৮টি বিশ্ববিদ্যালয়ে যুগপৎভাবে আমাদের এই কর্মসূচি চলছে। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
উল্লেখ্য, সপ্তম বেতন স্কেলে সচিব, সিলেকশন গ্রেডের অধ্যাপক ও মেজর জেনারেল পদের কর্মকর্তারা এক নম্বর গ্রেডে ছিলেন। কিন্তু প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেডের অধ্যাপক ও অধ্যাপকদের বেতন আগের তুলনায় তিন থেকে চার ধাপ নেমে গেছে। এই বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন কাঠামোতে শিক্ষকদের মর্যাদাহানির প্রতিবাদ জানিয়ে চার দফা দাবিতে গত তিন মাস ধরে আন্দোলন করে আসছেন। এর আগে গত ৮ জুনও দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছিল।
স্বতন্ত্র বেতনকাঠামো ছাড়া শিক্ষকদের বাকি দাবিগুলো হলো-স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনের জন্য অবিলম্বে বেতন কমিশন গঠন, আলাদা কাঠামো হওয়ার আগ পর্যন্ত অষ্টম বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্য দূর করা এবং রাষ্ট্রাচারের পদমর্যাদাক্রমে অবস্থান ও সুবিধা নিশ্চিত করা।
ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অধ্যাপক নাজমা শাহীন, মেসবাহ কামাল, আনোয়ার হোসেন, আখতার হোসেন খান, নিজামুল হক ভূইয়া, এ কে এম গোলাম রব্বানী, এ জেড এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।