বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রস্তাবিত পে-স্কেল পুনর্নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকদের জন্য সিলেকশন গ্রেড ও টাইমস্কেল অব্যাহত রাখারও দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন স্কেল জ্যেষ্ঠ সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পুনর্নির্ধারণ এবং শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল রাখা এবং সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতনকাঠামো অধ্যাপকদের বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব ও জ্যেষ্ঠ সচিবদের বেতন স্কেল আলাদা করে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। পদায়িত সচিবদের জন্য নতুন একটি বেতন স্কেল করা হয়েছে। গ্রেড ১০-২০ পর্যন্ত সপ্তম বেতনকাঠামোর তুলনায় দ্বিগুণ করা হয়েছে। কিন্তু প্রথম থেকে নবম ধাপ দ্বিগুণ করা হয়নি। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না দেওয়ায় বিশ্ববিদ্যালয়র অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের চেয়ে দুই ধাপ নামানো হয়েছে। শিক্ষকদের মূল বেতন সপ্তম বেতনকাঠামো থেকেও এক ধাপ কমিয়ে আনা হয়েছে। এমন প্রস্তাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘অবমূল্যায়ন’ করা হয়েছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক সমিতির নেতারা।