বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিতে সমর্থন করে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামোর দাবি বিএনপি সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘আমরা মনে করি, শিক্ষকদের বিরুদ্ধে আজেবাজে কথা না বলে তাঁদের দাবি বিবেচনায় এনে একটি স্বতন্ত্র বেতনকাঠামো করা উচিত।’
গতকাল বুধবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান শাহ এ কথা বলেন। তিনি আশা করেন, আলাদা বেতনকাঠামোর দাবি মেনে নিতে সরকারের বোধোদয় হবে।
এ সময় হান্নান শাহ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘শিক্ষকদের ন্যায়সংগত দাবির বিষয়ে অর্থমন্ত্রী অনেক কথা বলেছেন—যেগুলো জনসাধারণকে, বিশেষ করে শিক্ষিত সমাজকে উপেক্ষা করা এবং অপমান করার শামিল।’
এর আগে হান্নান শাহ মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
কোটি মানুষ পানিবন্দী: এদিকে গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, সরকার বন্যা পরিস্থিতি সামাল না দিয়ে চেপে যাওয়ার চেষ্টা করছে। সারা দেশের ২৪টি জেলার প্রায় এক কোটিরও বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে। কিন্তু বন্যাকবলিত জনগণের প্রতি সরকারের নজর নেই। তিনি বন্যা নিয়ে সরকারের নীরবতার নিন্দা জানান এবং বন্যা-উত্তর কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়ারও দাবি করেন।