বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত সেতুর সামনে গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে নয়টায় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে আবু হানিফ রিয়াদ (৩০) বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপরজন হলেন মো. ইলিয়াছ (২৫)। তিনি একটি পোশাকশিল্প-প্রতিষ্ঠানের কর্মী।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বলেন, শাহ আমানত সেতু পার হওয়ার পর একটি ট্রাক বিআরটিসির বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সামনে অপেক্ষারত একটি রিকশা এবং একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে পুলিশ বক্সে ধাক্কা দিয়ে থামে বাসটি। তিনি জানান, বাসের ধাক্কায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হানিফ ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা মো. ইলিয়াছ গুরুতর জখম হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান, আহত দুজনের মধ্যে একজনের নাম মহিউদ্দিন। বাড়ি বাকলিয়ায়।