বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম সহজ করতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে সরকার। বড় দু-একটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিরা এ বিষয়ে নীতিগতভাবে একমতও হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আরও আলোচনা করে সুনির্দিষ্ট পথ বের করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আসন্ন ভর্তি পরীক্ষা সামনে রেখে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সভা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর উপস্থিতিতে ওই সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘চলমান ভর্তি প্রক্রিয়ায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যেমন নানাভাবে হয়রানি হতে হয়, তেমনি কোচিং-নির্ভরতায় আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়তে হয়। তা ছাড়া, প্রায় একই সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের এক জায়গা থেকে যাওয়া-আসা করতেও সমস্যা হয়। এসব কারণে ভর্তি প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি আসন্ন ভর্তি পরীক্ষার আগে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’