বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর, সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের প্রগতি ক্লিনিকে ভুল চিকিৎসায় ইমরান হোসেন (২৬) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ওই ঘটনার পর পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর করে সেটিতে তালা ঝুলিয়ে দেয়। একই সঙ্গে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
ওই ঘটনায় গতকাল বুধবার সকালে সমঝোতা বৈঠক হয়েছে। পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ক্লিনিকের মালিক ও নিহত ছাত্রের পরিবারের সদস্যদের নিয়ে সমঝোতা বৈঠক করেন। রোগী মারা যাওয়ার ঘটনায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিক ভাঙচুর ও তছনছের ঘটনায় উভয়পক্ষ কোনো মামলা করবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে আলোচনা করে সম্মানজনক আপসরফা হবে বলে ইমরানের বাবা খায়রুল আলম জানিয়েছেন।
ইমরান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ শেষ বর্ষে পড়তেন। তাঁদের বাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ায়।
খায়রুল আলম প্রথম আলোকে জানান, হাইড্রোসিলের (অণ্ডকোষ স্ফীত হয়ে যাওয়া এক ধরনের রোগ) ব্যথা শুরু হলে মঙ্গলবার বেলা তিনটার দিকে ইমরান হোসেনকে প্রগতি ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের মালিক হাফিজুর রহমান জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। ১০ হাজার টাকা চুক্তিতে ছেলেকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ এস এম নূরউদ্দিন রুমি এবং মেহেরপুর জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিয়ার চিকিৎসক তাপস কুমার সরকার অস্ত্রোপচার কক্ষে প্রবেশ করেন। ঘণ্টা খানেক পর অস্ত্রোপচার কক্ষ থেকে বিছানায় নেওয়ার পরই ইমরানের মৃত্যু হয়।
খায়রুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবিকা তাঁকে জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় ভুলক্রমে পুরুষাঙ্গের একটি শিরা কেটে ফেলায় রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে দুই চিকিৎসক দ্রুত ক্লিনিক ত্যাগ করেন।
এদিকে ইমরানের মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে হামলা চালান। তাঁরা ক্লিনিক ভাঙচুর করেন। বিক্ষুব্ধ লোকজন ক্লিনিকের সামনের সড়কে অগ্নিসংযোগসহ মেহেরপুর-মুজিবনগর সড়ক অবরোধ করেন। ক্লিনিকের মালিক হাফিজুর রহমানকে ধরে মারধরের একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সুপার হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের ব্যাপারে জানতে হাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। চিকিৎসক এস এম নূর উদ্দীন রুমি বলেন, অস্ত্রোপচারের আগে অ্যানেসথেসিস্ট তাপস কুমার সরকার মোবাইল ব্যবহার করতে করতে ভুলবশত দুই বার অ্যানেসথেসিয়ার ইনজেকশন পুশ করেন। তাই অস্ত্রোপচারের পরে রোগীর জ্ঞান ফেরেনি।
অস্ত্রোপচারের সময় মোবাইল ব্যবহার করার কথা অস্বীকার করে তাপস কুমার সরকার বলেন, রোগীর হাঁপানি ও হৃদরোগ ছিল। পরিবার বিষয়টি গোপন করেছে। ফলে অস্ত্রোপচারের পর রোগীর জ্ঞান ফিরলেও ওই দুই কারণে মৃত্যু হতে পারে।