বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরও দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনমজুরি করে ও শিশুদের পড়িয়ে (টিউশনি) পড়াশোনার খরচ চালিয়েছেন মো. দুলাল মিয়া। গত বছর এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পান তিনি। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। কিন্তু দুশ্চিন্তা পিছু ছাড়ছে না দুলাল মিয়ার। কারণ থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ কোনোভাবেই জোগাতে পারছেন না তিনি।

দুলালের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। তাঁর বাবা রুহুল আমিন গ্রাম-পুলিশের সদস্য। মাসে বেতন এক হাজার ৯০০ টাকা। তা-ও নিয়মিত নয়। তাঁদের আবাদি জমি নেই। থাকার জায়গা বলতে একটি কুঁড়েঘর।

 দুলাল২০১২ সালে কালুপাড়া গুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮৮ পায়। ভর্তি হয় বদরগঞ্জ ডিগ্রি কলেজে। তার বড় বোন স্থানীয় কলেজে ও ছোট বোন স্কুলে পড়ছে। 

দুলাল মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে ভর্তির সুযোগ পাওয়ার পর জানতে পারেন ভর্তি হতে ১৫ হাজারেরও বেশি টাকা লাগবে। টাকার জন্য স্থানীয় একজন জনপ্রতিনিধির কাছে গেলেও সহায়তা পাননি তিনি। বাধ্য হয়ে ভর্তির আগের দিন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দেড় মাসে আড়াই হাজার টাকা সুদ দেওয়ার অঙ্গীকার করে ১০ হাজার টাকা নেন। অবশিষ্ট পাঁচ হাজার টাকা দেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী। কিন্তু এখন প্রতিদিনই ১০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের হলে ওঠার সুযোগ এখনো হয়নি দুলালের। বর্তমানে তিনি মেসে থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ভাইয়ের সঙ্গে। ওই ভাই-ই তাঁর থাকা-খাওয়ার খরচ জোগাচ্ছেন।

দুলাল মিয়ার বাবা রুহুল আমিন বলেন, ‘ও জানে আমি কোনো টাকা দিতে পারব না। তাই টাকার কথা আমাকে বলে না। জানি না, ওর ভাগ্যে কী আছে।’

গুটিরডাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আর্থিক দৈন্য দুলালের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ও আরও ভালো করবে বলে আশা করি।’