বিশ্ববিদ্যালয়ের দোকানে ছাত্রলীগের চাঁদা দাবি!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঈদ সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের একটি দোকানে ছাত্রলীগের কর্মীরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩৯তম ব্যাচের আসিফ, শহীদ রফিক জব্বার হলের একই ব্যাচের আরিফ ও নাজমুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের ফাস্টফুডের দোকান আনোয়ার কনফেকশনারিতে গিয়ে ছাত্রলীগের পাঁচ থেকে ছয়জন কর্মী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় দোকানের কর্মচারী জহিরুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করেন। ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করে চলে যান। এ সময় দোকানে উপস্থিত একজন স্কুলছাত্রকেও মারধর করেন তাঁরা। ঘটনার প্রতিবাদে প্রান্তিক গেটের সব কটি দোকান বন্ধ করে দেন দোকানের মালিকেরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সেখানে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দোকানের মালিকেরা দোকান খোলেন।
বেলা সোয়া চারটার দিকে উপাচার্য মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দোকানের মালিকদের সঙ্গে কথা বলেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানের এক মালিক বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত নন। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তারা ছাত্রলীগের কর্মী নন।
প্রক্টর অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, দোকানের মালিকেরা লিখিত অভিযোগ দিয়েছে। আজ রাতেই ডিসিপ্লিন বোর্ডের সভায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ এবং মুঠোফোন ছিনতাই হয়েছে। চাঁদাবাজির ঘটনাও বেড়েছে। এ বিষয়ে প্রক্টর বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি আমি দেখছি।’