বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হওয়ার বিরুদ্ধে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পোগোজ স্কুল একীভূত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে পোগোজ স্কুল রক্ষা কমিটি। গতকাল শুক্রবার বিকেলে স্কুলের মাঠে এ নিয়ে এক সভা হয়েছে।
পোগোজ স্কুল রক্ষা কমিটির আহ্বায়ক কিশোর কুমার বসু রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনটির সদস্য মনির হোসেন বক্তব্য দেন। উপস্থিত ছিলেন এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক রজত সুর, যুগ্ম সদস্যসচিব লিটন কর্মকার, সদস্য মাঈনুল হোসেন, জগন্নাথ ঘোষ, অমিতাভ বসাক প্রমুখ। এঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পোগোজ স্কুল একীভূত হলে ১৬৭ বছরের ঐতিহ্য হারাবে। এ ছাড়া এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষাবঞ্চিত হবে, থাকবে না জনসাধারণের সম্পৃক্ততা। তাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্কুলটি একীভূত হওয়া ঠিক হবে না। তাঁদের দাবি, একীভূত করার নামে কোনো ক্রমেই স্কুলের জমি দখল ও নাম পরিবর্তন করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তাঁরা জানান।
পোগোজ স্কুল ১৮৪৮ সালে স্থাপিত হয়। স্কুলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লাগোয়া চিত্তরঞ্জন অ্যাভিনিউতে (শাঁখারীবাজার)। এর আয়তন প্রায় পাঁচ একর।
৬ আগস্ট উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পোগোজ স্কুল পরিচালনা কমিটির যৌথ সভায় স্কুলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ হিসেবে একীভূত করার সিদ্ধান্ত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয় ‘পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’। পরে ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন করা হয়েছে। ওই দিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ও আনন্দ মিছিল করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে মীজানুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেছেন, পোগোজ স্কুলের ঐতিহ্য কিছুতেই ক্ষুণ্ন করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানটির জমিসহ সবকিছু স্কুলের নামেই থাকবে। বিশ্ববিদ্যালয় শুধু আইইআর ল্যাবরেটরি স্কুল হিসেবে তা ব্যবহার করবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। একীভূত হওয়ার সিদ্ধান্ত হওয়ায় পুরান ঢাকার মানুষ অনেক খুশি। কিন্তু কিছু লোক না বুঝে প্রতিবাদ করছে।