বিশ্ববিদ্যালয়, ব্যাংক পুলিশ কর্মকর্তাদের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়, অগ্রণী ব্যাংকের শাখায় এবং সদর উপজেলায় পুলিশের দুই কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার সকালের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।এসব ঘটনায় ব্যাংকের টাকা, প্রাইজবন্ডসহ প্রায় ছয় লাখ টাকা, ছয়টি গুলিসহ একটি বন্দুক, বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার কক্ষ থেকে আড়াই হাজার টাকা এবং পুলিশের দুই কর্মকর্তার বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকাসহ অন্তত ১১ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোলাম ছারওয়ার প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার লেনদেন শেষে তাঁরা ভল্টের মধ্যে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা, ১৮ হাজার ৪০০ টাকার প্রাইজবন্ড রেখে যান। গতকাল রোববার সকাল আটাটর দিকে জমাদার জাহাঙ্গীর এসে ফটক ও দরজার তালা এবং দক্ষিণ পাশের গ্রিল কাটা দেখে তাঁকে জানান। তাৎক্ষণিক তিনি ব্যাংকে এসে দেখেন, ভেতরে ভল্ট রুমের সিন্ধুকে রাখা টাকা, প্রাইজবন্ড, একটি একনলা বন্দুক ও ছয়টি গুলি নেই। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, একই সময়ের মধ্যে প্রশাসনিক ভবনের নিচতলা নিরাপত্তা কর্মকর্তা, এস্টেট কর্মকর্তা ও দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ের চায়ের কক্ষের গ্রিল কেটে অজ্ঞাত ডাকাতেরা প্রায় আড়াই হাজার টাকা নিয়ে যায় এবং বিভিন্ন ফাইলপত্র তছনছ করে। অন্যদিকে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামের বাসিন্দা কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ২৫-৩০ জনের সশস্ত্র ডাকাতেরা ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পাঁচ ভরি স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ অন্তত তিন লাখ টাকার মালামাল লুট করে। এ ছাড়া একই রাতে গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই জয়নাল আবদিনের বড়িতেও ডাকাতি হয়। গৃহকর্তার ছেলে মো. সোহেল জানান, রাত দেড়টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত ভবনের ফটকের তালা ও দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকার, ৩৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে।