বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকদের সুবিধা বহাল থাকবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজশিক্ষকেরা যে সুযোগ-সুবিধা এত দিন পেয়েছেন, তা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এ জন্য কাজ চলছে। শুধু শিক্ষকদের জন্যই এ কথাবার্তা চলছে।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা যাঁরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছিলেন, তাঁরাই নতুন স্কেলে বেতন পাবেন। যাচাই-বাছাই করেই দেওয়া হবে। এই যাচাই-বাছাই সব সময়ই হয়। পুরোনো কারও বিষয়ে অভিযোগ থাকলে দেখা হবে। তিনি আশা করেন, অন্যদের (সরকারি চাকরিজীবী) জন্য যখন বেতনের টাকা অর্থ মন্ত্রণালয় ছাড় করবে, তখন এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও ছাড় করবে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় সরকারি কোষাগারে জমা দিতে হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ টাকা যাতে স্বচ্ছভাবে ব্যয় হয়, এ জন্য আইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে তিনি ইঙ্গিত দেন, ওই টাকা সরকারি কাজেও ব্যয় হতে পারে।
নতুন শিক্ষাবর্ষের জন্য যে বই ছাপা হচ্ছে, তার মান নিয়ে প্রশ্ন রয়েছে—এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, তদন্ত করে যদি দেখা যায় মান হচ্ছে না, তখন জরিমানা করা হবে। তবে যে বই ছাপা হচ্ছে, তা এক বছরে নষ্ট হবে, এমনটা তিনি মনে করেন না। তিনি বলেন, বিনা মূল্যে বিতরণের জন্য বই ইতিমধ্যে মাঠপর্যায়ে চলে গেছে। বছরের শুরুর দিনেই বই দেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সব মাদ্রাসা জঙ্গি তৈরি করে, তা ঢালাওভাবে বলা ঠিক নয়। কিছু লোক ধর্মকে ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালায়। তা বন্ধ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন কেউ তা করতে না পারে, এ জন্য মাদ্রাসাগুলোকে সতর্ক থাকতে হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার গুণগত মান অর্জন করা। গুণগত মান বাড়ছে, কিন্তু যা হওয়ার তা হয়নি।
সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।