বিশ্ববিদ্যালয় ও রেল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনচালকের ওপর ছাত্রদের হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল রোববার সমঝোতা বৈঠক করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য ভবিষ্যতে শিক্ষার্থীদের কাউন্সেলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিআরবি ভবনে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, সমঝোতা বৈঠকে রেল পরিচালনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে শাটল ট্রেন ও চালক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেওয়া, দৃষ্টি আকর্ষণে প্রচারপত্র বিতরণ, ট্রেনে পুলিশি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রেল পরিচালনাসংক্রান্ত একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন ইত্যাদি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উপায়ে শাটল ট্রেন চলাচলের জন্য বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিলম্বে ট্রেন ছাড়তে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র শাটল ট্রেনের চালক ও তাঁর সহকারীকে মারধর করে। এ নিয়ে গতকাল অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা।