রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহানের (২০) মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। গতকাল বুধবার হাসপাতালটির সম্মেলনকক্ষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, ‘আফিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা (হাসপাতালে ছাত্রদের ভাঙচুর) ঘটেছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।’ তিনি বলেন, ‘কোনো কিছুতেই আমরা আর আফিয়াকে ফেরত পাব না। তাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করা হয়েছে। মানবিক কারণে হাসপাতাল কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আফিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ঘোষণা দিয়ে তিনি হাসপাতালের এক পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মতিউর রহমান বলেন, উভয় পক্ষের আলোচনায় পারস্পরিক ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। আফিয়ার চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কি না, তা জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামীকাল (আজ বৃহস্পতিবার) তদন্ত প্রতিবেদন জমা দেবে। ১৭ মে সকালে অসুস্থ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়াকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিকেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় আফিয়ার পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা অভিযোগ করেন, আফিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও তাঁকে ব্লাড ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়েছিল। ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়েছে।