শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধিতার মুখে বিশ্ববিদ্যালয় কমিউনিটি (শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা) না চাইলে ক্যাম্পাসে থানা স্থানান্তর করা হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ক্যাম্পাসে থানা স্থাপন করা হচ্ছে এখানকার কমিউনিটির নিরাপত্তার স্বার্থে। তারা যদি না চায়, তবে এখানে থানা স্থাপন করা হবে না। তিনি আরও বলেন, পুলিশের আবেদনের পর মতিহার থানা ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হয়। এ বিষয়ে এখনো আলোচনা চলছে। সব পক্ষের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান উপাচার্য।
সাংবাদিকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি এম এ সাঈদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহসভাপতি সুজন নাজির, আমজাদ হোসেন প্রমুখ।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় ৩১ মার্চ নগরের মতিহার থানা ক্যাম্পাসে স্থানান্তর ও ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনসংক্রান্ত আলোচনা হয়। থানা স্থাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনোভাব ইতিবাচক থাকলেও শিক্ষক সমিতি ও প্রগতিশীল ছাত্রজোট এর বিরোধিতা করছে। শিক্ষক সমিতি ও প্রগতিশীল ছাত্রজোটের বিরোধিতা নিয়ে প্রথম আলোতে দুটি সংবাদও প্রকাশিত হয়।