চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয় করার ঘোষণা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চমেক ক্যাম্পাসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার এই দাবি চট্টগ্রামবাসী বহু দিন ধরে জানিয়ে আসছেন। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী এটিকে বিশ্ববিদ্যালয় করা হবে বলে ঘোষণা দেন। এর পর একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকারীদের আমরা সাবধান করে দিচ্ছি। আমরা আশা করব তারা ওই পথ পরিহার করবে।’
মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আয়োজনে বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খানের সভাপতিত্বে বিএমএর যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চমেক অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, স্বাচিপ নেতা অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, ডা. নূর হোসেন শাহীন, মুখ্য মহনগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা।
বক্তারা বলেন, ‘যেসব কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আন্দোলন করছেন, তাঁরা না বুঝে করছেন। তাঁদের ওই পথ থেকে ফিরে আসার আহ্বান জানাব। বিশ্ববিদ্যালয় হলে এই এলাকার জনগণ উন্নততর স্বাস্থ্যসেবা পাবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে বলে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এর পর থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এই ঘোষণার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। চমেককে বিশ্ববিদ্যালয় করা হলে তাঁদের সুযোগ-সুবিধা কমে যাবে বলে কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন। এ ছাড়া এতে করে সেবার মান কমবে বলে তাঁরা প্রচার করছেন।