ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছে নার্সিং, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সম্মিলিত সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।ঘোষণা অনুযায়ী, ২৪, ২৫, ২৭ ও ২৮ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত বাতিল করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মবিরতি চলাকালে অপারেশন থিয়েটারসহ জরুরি বিভাগগুলোতে একজন করে কর্মচারী (ইমারজেন্সি স্কোয়াড) কাজ করবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের আহ্বায়ক সাবিনা শারমিন। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয় করা হলে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হবেন। হাসপাতালটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় এখানে কর্মরত ব্যক্তিদের সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবেও মর্যাদা থাকবে না। রোগীরাও বর্তমান অবস্থার মতো চিকিৎসা পাবেন না। এতে আরও বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে প্রতিকার হিসেবে বর্তমানে প্রশাসনিক ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় হলে সিন্ডিকেটের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। পরিষদের সদস্যসচিব আবদুল খালেক বলেন, প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় হলে চিকিৎসকেরাই সিন্ডিকেটের সর্বেসর্বা হবেন। তাঁরা যে কখনোই তাঁদের নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলবেন না, সে বিষয়ে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে তাঁরা নিশ্চিত।আবদুল খালেক বলেন, আলোচনার মাধ্যমে এসব বিষয় মীমাংসার জন্য সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সম্মেলনে পরিষদের সদস্য আবদুল হান্নানও বক্তব্য দেন। এ ছাড়া আনিসুর রহমান, এনামুল কবীরসহ পরিষদের অন্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।