বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পত্রিকাসেবীকে মারধর করার ঘটনায় গতকাল রোববার চতুর্থ দিনের মতো সব ধরনের পত্রিকা সরবরাহ বন্ধ রয়েছে।গত বৃহস্পতিবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা জামায়াত-সমর্থিত তিনটি পত্রিকা পুড়িয়ে দিয়ে পত্রিকাসেবীকে বেধড়ক মারধর করেন। এরপর গতকাল পর্যন্ত পত্রিকা সরবরাহকারী প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারায় তাঁরা পত্রিকা সরবরাহ বন্ধ রেখেছেন।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পত্রিকা সরবরাহকারী প্রতিষ্ঠান শফি বুক স্টলের মালিক শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘পত্রিকাসেবীকে মারধর করার পরও আমি কোনো বিচার চাইনি। শুধু ভবিষ্যতের জন্য পত্রিকাসেবীদের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু গতকাল রোববার পর্যন্ত আমাকে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। তাই নিরাপত্তাহীনতার কারণে পত্রিকা সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পত্রিকাসেবী প্রতিষ্ঠানের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। তবু আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যে আমি কয়েকটি পক্ষের সাথে কথাও বলেছি। টানা হরতাল পড়ে যাওয়ায় দ্রুতই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।’খোঁজ নিয়ে জানা গেছে, পত্রিকা সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের ১০টি আবাসিক হল, ৩৮টি বিভাগ, আটটি ইনস্টিটিউট, কেন্দ্রীয় লাইব্রেরি, প্রশাসনিক ভবন, চারটি শিক্ষক লাউঞ্জ, শিক্ষকদের কোয়ার্টার ও ব্যক্তিমালিকানাধীন আবাসিক প্রতিষ্ঠানসহ (কটেজ) ক্যাম্পাসের কোনো জায়গায় চার দিন ধরে কোনো পত্রিকাই পৌঁছায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা অনতিবিলম্বে পত্রিকা সরবরাহ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।