বিশ্ববিদ্যালয়ছাত্র তালহা হত্যা মামলায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কাপ্তানবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ওয়ারী থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান ওরফে মিলন ও বেল্লাল হোসেন ওরফে সবুজ। তাঁদের কাছ থেকে তালহার ব্যবহৃত মানিব্যাগসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালহাকে হত্যার দায় স্বীকার করেছেন তাঁরা।

পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার সোহেল রানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

৮ অক্টোবর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সকাল সাড়ে ছয়টায় যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। এরপর ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সোয়া আটটার দিকে মারা যান তিনি।