বিশ্ববিদ্যালয় ছাত্র মোতালেব হত্যা : রুমমেট রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন ওরফে লিপু হত্যা মামলায় গ্রেপ্তার রুমমেট মনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক মোকসেদা আসগর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, গতকাল মঙ্গলবার আসামি মনিরুলের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আজ দুপুরে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মনিরুল ইসলামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মহিদুল হক। মনিরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে মোতালেব হোসেনের সঙ্গে থাকতেন।

২০ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের ড্রেন থেকে মোতালেবের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ওই দিন সন্ধ্যায় তাঁর চাচা বশির উদ্দিন বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

মোতালেবের মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য রুমমেট মনিরুল, বন্ধু প্রদীপ, হলের দুই প্রহরীসহ চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ। ওই রাতেই প্রদীপকে ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে দুই প্রহরীকেও ছেড়ে দেওয়া হয়। তবে রুমমেট মনিরুলকে তিন দিন ধরে জিজ্ঞাসাবাদের পর গত রোববার সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোতালেব হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁর বিভাগের শিক্ষার্থীরা। আজ মোতালেবের সহপাঠীরা হত্যার বিচার দাবি–সংবলিত টি-শার্ট পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। ওই টি-শার্টের সামনে ‘লিপু হত্যার বিচার চাই’ এবং পেছনে লিপুর ছবি দিয়ে ‘এরপর কে?’ লেখা রয়েছে।