বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় ৮ জন কারাগারে
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র কাজী হাবিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি হোসাইন মোহাম্মদ সাগরসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে বিচারক সাইফুজ্জামান হিরো তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
অন্য আসামিরা হলেন আবদুল আউয়াল, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ ও ময়নুল ইসলাম। আসামিদের মধ্যে হোসাইন মোহাম্মদ সাগর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন আর অন্যরা কর্মী। ঘটনার পর ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে ওই আটজনসহ ১৫ জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন। ঘটনার পর থেকে এঁরা পলাতক ছিলেন।
গত ১৯ জানুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষেরÿসংঘর্ষ হয়। এ সময় কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ কর্মী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র কাজী হাবিবুর রহমান। এ ঘটনায় পরদিন তাঁর ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ছাত্রলীগ নেতা সাগরসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আটজনকে কারাগারে পাঠানো হয়েছে।