বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার দায়ে একজনের ফাঁসি দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল হাসানকে (১৯) কুপিয়ে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী একজনকে ফাঁসি ও কানাডাপ্রবাসী দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটওয়ারী এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন বিয়ানীবাজারের কসবা গ্রামের মো. ময়েজউদ্দিন (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন ময়েজের বড় ভাই মো. জালাল উদ্দিন (৪৮) এবং তাঁর প্রতিবেশী সাহেল (৩৫)। ওই দণ্ডের পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা পলাতক। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ময়েজের অপর ভাই মো. ইসলামউদ্দিনকে (৩২) বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ানীবাজারের কসবা গ্রামের আবুল কালামের ছেলে কামরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতেন। ২০১১ সালে রমজানের ছুটিতে কামরুল বাড়িতে আসেন। ২২ আগস্ট তাঁদের বাড়ির সামনে ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই দিন বাড়ির উঠানে রান্না করা নিয়ে প্রতিবেশী ময়েজউদ্দিনের পরিবারের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে কামরুলকে কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনায় কামরুলের বাবা আবুল কালাম ২২ আগস্টই ময়েজউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই সময়ই কৌশলে আসামি ময়েজউদ্দিন যুক্তরাষ্ট্র এবং জালাল ও সোহেল কানাডায় চলে যান। পুলিশ ওই বছরের ২৭ ডিসেম্বর পলাতক তিনজনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠন করেন। এরপর বিচারকাজ শুরু হয়।