বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রায়হান মাহমুদ ওরফে রাজ (২৩) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহ শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের সি কে ঘোষ সড়কে অবস্থিত প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, রায়হানের গ্রাম ময়মনসিংহ সদর উপজেলার চরনীলক্ষীয়ার শতাধিক মানুষ ও পরিবারের সদস্যরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, গত ৫ মার্চ রাতে খুন হন রায়হান। পরের দিন তাঁর লাশ ময়মনসিংহ শহরতলির বাড়েরা এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। এক মাসের বেশি হয়ে গেলেও পুলিশ এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা-ও বলতে পারছে না পুলিশ।
মানববন্ধন শেষে কয়েক শ মানুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গাঙ্গিনারপার এলাকা হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যায়। সেখানে রায়হান হত্যায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার জন্য তারা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ স্মারকলিপি গ্রহণ করে বলেন, ‘হত্যাকারীদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। ’
মানববন্ধন শেষে রায়হানের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলের হত্যার বিচার চাই। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তাঁরা (পুলিশ) বলছে দ্রুত আসামিরা ধরা পড়বে। কিন্তু কবে ধরা পড়বে, তা তারা বলতে পারছে না।’
রায়হানের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চরনীলক্ষীয়া গ্রামে।