বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা দিয়াবাড়ী এলাকায় স্বামীর বাড়ি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে মরিয়ম আক্তার (২৫) নামের ওই ছাত্রীর গলায় রশি প্যাঁচানো লাশটি উদ্ধার করা হয়।ঘটনার পর থেকে মরিয়মের স্বামী মো. সালাউদ্দিনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় মরিয়মের মা মাসুদা বেগম বাদী হয়ে গতকাল রাতে সালাউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।সালাউদ্দিন কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও পানজুরা সৈয়লপাড়া এলাকার একটি মসজিদের ইমাম।এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে এমএসসি পরীক্ষা দিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষাও দিয়েছেন। বাকি ছিল শুধু থিসিস প্রতিবেদন জমা দেওয়া।পারিবারিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জের সালাহউদ্দিনের সঙ্গে একই উপজেলার দাহিন্দী গ্রামের মো. নেছার উদ্দিন খানের মেয়ে মরিয়মের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে ১১ মাসের একটি মেয়ে রয়েছে।মরিয়মের পরিবারের সদস্যরা বলেছেন, সকাল সাড়ে আটটার দিকে সালাউদ্দিন শ্বশুরবাড়িতে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর তাঁরা সালাউদ্দিনের বাড়ি গিয়ে মরিয়মের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদনের পর লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নিহতের গলায় দাগ, মুখে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর পুরো শরীরেই পুরোনো অনেক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।মরিয়মের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাঁর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মরিয়মের একাধিক সহপাঠী জানান, তাঁর পরিবার ছিল অসচ্ছল। মেধাবী শিক্ষার্থী হিসেবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগের শিক্ষকদের সহযোগিতায় গণিত বিভাগে ভর্তি হন তিনি। এর পর থেকেই শিক্ষাজীবন শেষ করে পরিবারের হাল ধরার কথা ভাবতেন। কিন্তু তা আর হলো না। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, ‘শিক্ষাজীবন শেষ করে ঠিক যে মুহূর্তে জীবন সাজানোর কথা ছিল, সেই মুহূর্তে এই হূদয়বিদারক ঘটনায় আমরা মর্মাহত। হত্যা কিংবা আত্মহত্যা যাই হোক না কেন, আমরা চাই প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।’