বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শান্তিবাগ এলাকার একটি বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত এই ছাত্রীর নাম ফারজানা আফরোজ (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি ঈশ্বরদীতে। তাঁর স্বামীর নাম আকিবুজ্জামান। তাঁর স্বামীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, মাস তিনেক আগে ফারজানা ও আকিবুজ্জামান রাজশাহী নগরের শিরোইল শান্তিবাগ এলাকার এ বাসাটি ভাড়া নেন। গতকাল সারাদিন সারাশব্দ না পেয়ে দুপুরে বাড়ির মালিকের পরিবারের লোকজনক জানালা দিয়ে দেখেন, ফারজানা ফ্যানের সঙ্গে ঝুলছেন। পুলিশ এবং স্থানীয় কাউন্সিলরকে ডেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ফারজানার স্বামী বাড়িতে ছিলেন না।
নগরের বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, এটা আত্মহত্যা বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তারপরেও ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।
তবে মেয়ের ভাই আবদুর রহমান অভিযোগ করেছেন, তিন বছর আগে চাচাতো ভাই আকিবুজ্জামানের সঙ্গে পরিবারের অমতে বিয়ে হয় ফারজানার। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনেই তাঁর বোন আত্মহত্যা করেছেন। ঘটনার দুই ঘণ্টা আগেও আকিবুজ্জামানের সঙ্গে ফোনে তাঁর বোনের ঝগড়া হয়েছে।