বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলা জড়িতদের শাস্তি দাবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটি স্টুডেন্টস অর্গানাইজেশন অব নালিতাবাড়ী (উসন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ মার্চ তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কালিনগর এলাকার আবদুর রফের ছেলে মেহেদী হাসানের (১৪) সঙ্গে প্রতিবেশী মো. বেল্লাল হোসেনের ছেলে মো. হৃদয়ের (১৪) ঝগড়া হয়। এ সময় মেহেদীর বড় ভাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র জেনিথ খান দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করেন।
ওই ঘটনাকে কেন্দ্র করে কালিনগর এলাকায় বেল্লাল হোসেন ও তাঁর দুই ছেলে রফিকুল ইসলাম (২২), মো. হৃদয় রামদা ও লাঠি নিয়ে জেনিথের ওপর হামলা চালান। এতে জেনিথ গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় ২৭ মার্চ জেনিথের বাবা পাঁচজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেন।
বিল্লাল হোসেন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।