বিশ্ববিদ্যালয়-ছাত্রের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের ‘রোকেয়া ভিলা’ ছাত্রাবাস থেকে আজ সোমবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানা-পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওই ছাত্রের নাম মো. আতিকুর রহমান (২৩)। বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি লোকপ্রশাসন বিভাগের ছাত্র ছিলেন। কুষ্টিয়া শহরে তিনি মেসে থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই ছাত্রাবাসের রান্নায় নিয়োজিত পরিচারিকা আতিকুরের কক্ষে রাতের খাবার দেওয়ার জন্য বাসন নিতে যান। দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ভেতরে দেখতে পান আতিকুর ফ্যানের সঙ্গে ঝুলছেন। তিনি চিৎকার দিলে আশপাশের ছাত্ররা ছুটে যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। লাশ মর্গে রাখা হয়েছে। তাঁর ব্যবহৃত মুঠোফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই কক্ষের আরেক ছাত্র ঢাকায় যান। তিনি একাই কক্ষে ছিলেন।

ওসি বলেন, লাশের পাশ থেকে একটি ডায়েরি পাওয়া গেছে। তাতে তিন–চার পৃষ্ঠাজুড়ে আতিকুর তাঁর শরীরের বিভিন্ন রোগ ও সমস্যা উল্লেখ করে হতাশা জানিয়েছেন। তাঁর মৃত্যুর পর লাশ যেন পরিবারের কাছে দেওয়া হয়, সে আবেদন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।