নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম সজন মাহমুদ (২৪)। তিনি কম্পিউটার বিজ্ঞানে পড়তেন। তাঁর বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়। তাঁর পরিবার থাকে সেখানেই।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল আলম প্রথম আলোকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের একটি ছয়তলা ভবনে থাকতেন সজন। আজ রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।

সজনের বাবা আইনজীবী আবদুল জলিল প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের সঙ্গে থাকত তাঁর ভাগনে জীবন। জীবন তাঁকে জানিয়েছেন, গতকাল রাত দুইটা পর্যন্ত তাঁরা একসঙ্গে পড়াশোনা শেষ করে ঘুমাতে যান। সকালে শৌচাগারে সজনের লাশ পাওয়া যায়। সজনের বাবা আরও বলেন, তিনি ছেলের পড়াশোনার খরচ ঠিকমতোই দিয়ে আসছেন।