বিশ্ববিদ্যালয় ছাত্রের ট্রেনে কাটা লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর বনরূপা প্রকল্পসংলগ্ন রেলক্রসিং থেকে গত বৃহস্পতিবার রাতে তামজিদ রহমান মহান (২০) নামের এক ছাত্রের ট্রেনে কাটা খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তামজিদকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। তামজিদ হোসেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএর শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।তামজিদের বাবা সরদার মজিবুর রহমান জানান, তামজিদ ঢাকায় খিলক্ষেত থানার নিকুঞ্জ-২-এর ২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে তিনি তাঁর মাকে ফোন করেন। কুশলাদি জিজ্ঞেস করার পর তাঁর মা ওই পাশ থেকে মুঠোফোনে ধাক্কার মতো আওয়াজ শুনতে পান। এরপর থেকে তাঁর মুঠোফোনের নম্বর বন্ধ পাওয়া যায়। তবে, ফোনে কথা বলার সময় তাঁর মা বাইরের অন্য কোনো আওয়াজ শোনেননি।ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রেলক্রসিং থেকে তামজিদের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়। পরে শার্টের পকেট থেকে উদ্ধার হওয়া তাঁর একটি পাসপোর্ট সাইজের ছবির নিচে লেখা মুঠোফোন নম্বরে যোগাযোগ করে তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়। ওই দিন দুপুরের দিকে তাঁর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। বিকেলের দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।তামজিদের চাচাতো ভাই শিশির মুঠোফোনে প্রথম আলোকে জানান, বেশ কয়েকদিন ধরে তামজিদকে মুঠোফোনে কে বা কারা হুমকি দিত। এর জন্য তিনি সিমও পরিবর্তন করেছিলেন। গত বুধবার থেকে তাঁকে নতুন নম্বরে পাওয়া যাচ্ছিল না। রাতেও তিনিও বাসায় ফেরেননি। এর পরের দিন তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।সূত্র জানায়, তামজিদের বাড়ি শরীয়তপুরের পালং থানার বিনোদপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।