নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আগে ২২ জুন দিবসটি পালন করা হতো। তবে এই বছর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় দিবস পরিবর্তন করে ১৫ জুলাই নির্ধারণ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০১ সালের ১৫ জুলাই আওয়ামী লীগ সরকারে থাকার সময় সংসদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর চারদলীয় জোট সরকারের আমলে ২০০৬ সালের ২২ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। সে হিসেবে ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। ২০১৪ সালে অষ্টম ও ২০১৫ সালে নবম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। বর্তমান উপাচার্য এম অহিদুজ্জামান যোগদানের পর নবম বিশ্ববিদ্যালয় দিবস পালন করেন। কিন্তু তিনিই এবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ডের মাধ্যমে ২২ জুনের পরিবর্তে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত পাস করিয়ে নেন।
বিশ্ববিদ্যালয় দিবস পরিবর্তন করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের কয়েকজন প্রথম আলোকে বলেন, যেদিন একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে, সেদিন বিশ্ববিদ্যালয় দিবস পালন না করে বিশ্ববিদ্যালয় আইন পাসের দিন তা পালনের সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ চরম হীনম্মন্যতার পরিচয় দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন উপাচার্য প্রথম আলোকে বলেন, যেদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়, সেদিনই বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়। এটি স্বাভাবিক নিয়ম।
রিজেন্ট বোর্ডের সদস্য ও অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ মিঞা বলেন, ‘১৫ জুলাই বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে, তাই সেদিনই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দোষের কিছু নেই।’
উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, ‘২০০১ সালের ১৫ জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিশ্ববিদ্যালয় আইনটি পাস হয়েছে। সে হিসেবে একাডেমিক কাউন্সিল ও রিজেন্ট বোর্ডের বৈঠকে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেদিন আইন পাস হয়েছে, সেদিনই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেছে। সেদিনই বিশ্ববিদ্যালয় দিবস হবে।’ এ কথা বলেই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।