বিশ্ববিদ্যালয় দিবসে 'নিম্নমানের' খাবার, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ খাবারের জায়গায় নিম্নমানের খাবার দেওয়ায় তা ফেরত দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় তাঁরা এর প্রতিবাদে বিক্ষোভও করেছেন।

রোকেয়া হলের একাধিক জ্যেষ্ঠ ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতি বছর ১ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দুপুরে হলে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু গত বছর রমজানের মধ্যে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এর ফলে সেবার রাতে খাবারের ব্যবস্থা করা হয়। এ বছরও ছাত্রীরা ধারণা করেছিলেন, রাতে খাবারের ব্যবস্থা করা হবে। এ জন্য হল কর্তৃপক্ষ কয়েক দিন আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে টোকেন সংগ্রহ করার কথা বলে।

কিন্তু শিক্ষার্থীরা আজ সন্ধ্যায় খাবার আনতে গিয়ে দেখেন, এ বছর হলের পক্ষ থেকে শুধুমাত্র ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতারের মেন্যুতে ছিল-মুড়ি, ছোলা, আম, জিলাপি আর বেগুনি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা খাবার না নিয়েই চলে যান। অনেকে খাবার এনে সেগুলো আবাসিক শিক্ষকদের বাসার সামনে রেখে আসেন। এ সময় তাঁরা প্রাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

ইফতারের পর কয়েকজন শিক্ষার্থী রোকেয়া হলের ফটকে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বলেন, হলে ছাত্রীদের বড় একটি অংশ রান্না করে খান। বিশেষ খাবারের ঘোষণায় আজ তাঁদের অনেকেরই রান্নার প্রস্তুতি ছিল না। এ কারণে তাঁরা বেশি ক্ষুব্ধ হন।

এ প্রসঙ্গে জানার জন্য যোগাযোগ করা হলে প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীন মুঠোফোন ধরেননি। রাতে আরেকবার চেষ্টা করেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীও মুঠোফোন ধরেননি।