বিশ্ববিদ্যালয় পরিষদের জায়গায় ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পশ্চিম আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের জায়গায় স্থানীয় লোকজন একটি ক্লাবঘর তৈরি করেছেন। সেখানকার পুকুরের চারপাশ টিন দিয়ে ঘেরাও করে ভেতরের এক পাশে মাটি ফেলে ভরাট করে শাকসবজি চাষ করা হচ্ছে।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যালয়ের পাশেই পরিষদের দুটি বহুতল ভবন নির্মাণের কথা রয়েছে। ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর ভবন তৈরির জন্য এই জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু নানা কারণে এত দিনেও কাজ শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় পরিষদ।

সরেজমিনে দেখা গেছে, ভবন তৈরির জায়গার এক পাশে মাটি ফেলে তৈরি করা হয়েছে ক্লাবঘর। সামনের সড়কের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে অবৈধ বস্তি, খাবার হোটেল, চায়ের দোকান, রিকশার গ্যারেজ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কয়েকজন মিলে ক্লাবঘরটি তৈরি করেছেন। তবে এখানে দিনের বেলা লোকজন খুব কম আসে। বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকে ক্লাবঘরটি।

বিশ্ববিদ্যালয় পরিষদ সূত্রে জানা যায়, এখানে দুটি ১০ তলা ভবন তৈরি করা হবে। দুটি ভবনের একটি বিশ্ববিদ্যালয় পরিষদের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হবে। আরেকটি ভবন ব্যবহার করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের জন্য। ভবন তৈরির কাজে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককালীন প্রায় ৮০ কোটি টাকা দেবে বিশ্ববিদ্যালয় পরিষদকে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ক্লাবঘর বা গ্যারেজে কোনো সমস্যা হবে না। আশা করছি ভবন তৈরির কাজ দ্রুত শুরু হবে। তখন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’