
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, হুমকি দেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। তাই এ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হলে অধ্যাপক রেজাউল হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার আয়োজিত এক মানববন্ধনে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এসব কথা বলেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপাচার্য বলেন, ‘বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অধ্যাপক রেজাউল হত্যার ঘটনার যৌক্তিক পরিণতি না দেখা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা বিশ্ববিদ্যালয় পরিবারের বক্তব্য।’
মানববন্ধনে সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘হত্যার ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারে এমন আতঙ্ক রোধ করতে না পারলে আরও অনেক শিক্ষককে প্রাণ দিতে হবে। এটা কাম্য নয়। আমরা যেখানে জ্ঞানচর্চা করি, মুক্তবুদ্ধির চর্চা করি, সংস্কৃতির চর্চা করি, সেখানে যদি ভয় ঢোকে, তাহলে এসব চর্চা বাধাগ্রস্ত হবে। তাই জ্ঞানচর্চার পরিবেশ ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, ‘দেশে ভয়ের রাজনীতি চলছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষককে হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন যদি এ দিকে না তাকায়, তাহলে একসময় দেখা যাবে যে কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে চাইলে মানুষ বলবে, ওখানে যেয়ো না, ওখানে গেলে তোমার মৃত্যু হতে পারে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, অধ্যাপক হাসিবুল আলম প্রধান, সহকারী অধ্যাপক মানিকুল ইসলাম।
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন শেষে মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদুল্লাহ্ কলাভবনের সামনে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে সমাবেশ করে।
গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।
পুলিশ জানায়, ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাফিজুর রহমান, ইমাম রায়হান ইসলাম ও খায়রুল ইসলাম নামের তিনজনকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে তাঁরা হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।