প্রথম গণতন্ত্র অলিম্পিয়াডের বিশ্ববিদ্যালয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের মো. মওদুদ আহমেদ; দ্বিতীয় হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান। কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হন মিরপুর বাঙলা কলেজের সাথী আক্তার। দ্বিতীয় হন ঢাকা কলেজের মো. মুসফিকুল আজম। অলিম্পিয়াডের শেষ পর্যায়ে প্রতিটি বিভাগে ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুরে প্রাইম বিশ্ববিদ্যালয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত প্রথম গণতন্ত্র অলিম্পিয়াডের বিতর্ক প্রতিযোগিতা শেষে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রায় ৪০০ শিক্ষার্থীর উপস্থিতিতে নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিত্তিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভাগে আধা ঘণ্টা করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু নাগরিক অধিকার সম্পর্কে জানলেই চলবে না। নাগরিকের অবস্থান থেকে কর্তব্য পালনেও সচেষ্ট, সক্রিয় ও সোচ্চার হতে হবে।ভেজাল গণতান্ত্রিক ধারার জন্য নিশ্চুপ ব্যক্তিদের দায়ী করেন সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান। তিনি বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমেই এর পরিবর্তন আনতে হবে।বর্তমান ছাত্ররাজনীতির ধারা পরিবর্তনের ওপর গুরুত্ব দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা ও গঠনমূলক চেতনাবোধ সৃষ্টির মাধ্যমে উন্নত জাতি গঠনে গণতন্ত্র অলিম্পিয়াড ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মীর শাহাবুদ্দিন, ড. এম এ জলিল, ঢাকা কমিটির সভাপতি মেহের-ই-খোদা প্রমুখ।