রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দায়বদ্ধতা রয়েছে। মনে রাখতে হবে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই মুনাফা অর্জনকারী ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে না। তাই বিশ্ববিদ্যালয়গুলো যাতে মুনাফা অর্জনের ক্ষেত্রে পরিণত না হয়, তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) প্রথম সমাবর্তনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর বাসসের।
সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর এক হাজার ৩৭৮ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয় এবং অসামান্য কৃতিত্ব অর্জনের জন্য ছয় শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ব্যয়বহুল হওয়ায় এখানে দরিদ্রদের লেখাপড়া করার সুযোগ কম। তাই তাদের শিক্ষার জন্য বৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
কেবল বিত্তবান ঘরের সন্তান নয়, দরিদ্র ঘরের মেধাবী সন্তানেরাও যেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
ভারতের সাবেক প্রধান বিচারপতি আলতামাস কবির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, এসএমইউসিটি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইনামুল কবির শান্ত এবং এসএমইউসিটির উপাচার্য অধ্যাপক শামসুল হক ও সহ-উপাচার্য শীনা এম ফালকোনার বক্তব্য দেন।