বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে বিপাকে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধের পর দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ঘোষিত সময়সূচি নিয়ে বিপাকে পড়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। একই দিনে বা এক দিন আগে-পরে সময়সূচি নির্ধারিত হওয়ায় ভোগান্তি পোহাতে হবে শিক্ষার্থীদের।
ওয়েবসাইট থেকে জানা গেছে, ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। ফলে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে বা একদিন আগে-পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। অনেকেই একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হবেন।
২২ জানুয়ারি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে। ২৩ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট (কলা অনুষদ) ও বি ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা হবে। ২৪ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট (বাণিজ্য) ও ই ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত আছে। এই দিন বিকেলে নির্ধারিত আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ। ২৫ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও এইচ ইউনিট (প্রকৌশল অনুষদ) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২৬ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
২৭ জানুয়ারি কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেই। তবে ওই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা, আরবি, ইসলামিক স্টাডিজ, চারুকলা এবং নাট্যকলা ও সংগীত বিভাগে ভর্তি-ইচ্ছুকদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২৮ ও ২৯ জানুয়ারি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩০ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ৩১ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করা ভর্তি পরীক্ষার্থী আজিবুর রহমান বলেন, ‘২৫ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ও ও এইচ ইউনিট এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। আমি দুটি বিশ্ববিদ্যালয়েই ভর্তির জন্য আবেদন করেছি। কিন্তু একই দিনে পরীক্ষার তারিখ থাকায় কী করব বুঝতে পারছি না।’
জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ভর্তি পরীক্ষার শুরুতে সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু হরতাল-অবরোধের কারণে তা এলোমেলো হয়ে গেছে। এখন আর সমন্বয় করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘আমরা কয়েক দফা পিছিয়ে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। এখন আর পরীক্ষার সূচি পরিবর্তন করা সম্ভব নয়।’