বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলছেই
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আবারও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। প্রস্তাবিত জাতীয় বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে গতকাল রোববার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা, বরিশাল ও সিলেটে এই কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, সচিব কমিটির করা সুপারিশ বাস্তবায়িত হলে শিক্ষকদের বেতন ও পদমর্যাদা কমে যাবে। যার প্রভাব পড়বে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষকের ওপর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের এই অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা সিলেকশন গ্রেডে অধ্যাপকের বেতন-ভাতা যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার সমান করার দাবি জানিয়ে বলেন, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় মেধাবীদের বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় আকৃষ্ট করতে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে বাড়তি সুযোগ তো দূরের কথা, স্বতন্ত্র বেতন স্কেলই দেওয়া হচ্ছে না। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে শিক্ষকেরা ক্যাম্পাসের অদম্য বাংলার অদূরে তৈরি প্যান্ডেলে অবস্থান করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ কাইউম, মো. শফিউল আলম, তানভীর কায়সার প্রমুখ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টানা তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে সমাবেশও করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ও শিক্ষক পীযূষকান্তি সরকার বক্তব্য দেন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং বরিশাল ও খুলনা অফিস]