বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের সমাধান অচিরেই: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে আজ মঙ্গলবার উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠার পরিবর্তে দর্শকের সারিতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে চলে যান। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ছবি: সাদ্দাম হোসেন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে আজ মঙ্গলবার উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠার পরিবর্তে দর্শকের সারিতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে চলে যান। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ছবি: সাদ্দাম হোসেন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরাই হলেন দেশের মধ্যে সবচেয়ে বেশি সম্মানীয়। তাঁদের সম্মান করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবি অচিরেই সমাধান হয়ে যাবে।
আজ মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বেলা একটার দিকে সবাই যখন শিক্ষামন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, মন্ত্রী তখন গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠার পরিবর্তে দর্শকের সারিতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে চলে যান। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের কেউ কেউ হাত বাড়িয়ে দেন করমর্দনের জন্য, আবার কেউ ব্যস্ত হয়ে পড়েন সেলফি তোলার কাজে।
দীর্ঘ ২০ বছর পর বিশ্ববিদ্যালয়ের সব স্কুলের (অনুষদের) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বলেন, ‘অর্থ বা পদমর্যাদা নয়; আমাদের সমাজকে গ্রহণ করতে হবে শিক্ষকরাই বেশি সম্মানীয়। আর এ জন্য তাঁদের যে বেতন-ভাতার প্রয়োজন আছে, তা নির্ধারণ করেই বেতন দিতে হবে। এটা নিয়ে মন্ত্রিসভায় অনেক সময় নষ্ট হয়েছে। ব্যাপারটিকে আমরা এখন অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। আর বেশি সময় লাগবে না একটা সুন্দর সমাধানে আসতে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ অর্থের জোগান আসে সাধারণ জনগণ থেকে। আর যেসব জনগণ এ অর্থ দেন, তাঁদের সন্তানদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান না। এ অর্থের মধ্যে ভিক্ষুকদের অর্থও আছে। সুতরাং একজন শিক্ষার্থীর অবশ্যই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. ইসমত কাদির। এ ছাড়া কোষাধ্যক্ষ খান আতিয়ার রহমান, ছাত্রবিষয়ক পরিচালক মো. এনামূল হক বক্তব্য ​দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান।