নতুন বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে আজ সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এ ছাড়া ক্যাডার ও নন-ক্যাডার বৈষম্য নিরসনসহ কয়েকটি দাবিতে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক এবং ২৬টি বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আজ থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করছেন। গতকাল রোববার এসব পেশাজীবীর মোর্চা প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই কর্মবিরতি হবে। এই সময় সব ধরনের দাপ্তরিক কাজ থেকে কর্মকর্তারা বিরত থাকবেন। কর্মবিরতি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতির কর্মসূচি চলবে। সন্ধ্যাকালীন কোর্সগুলোর ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। আর পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সিদ্ধান্ত নেবে।
প্রথম আলোর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সেখানকার শিক্ষকেরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা পরীক্ষাও নেবেন না। বর্তমানে সেখানে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, গতকাল সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে, পূর্বঘোষিত পরীক্ষাগুলো নেওয়া হবে। নতুন করে কোনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না। তবে তাঁরা কোনো ক্লাস নেবেন না।
বর্তমানে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে ১২ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। তাঁরা নতুন বেতনকাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে প্রায় আট মাস ধরে আন্দোলন করছেন।
অর্থ মন্ত্রণালয় কয়েক দিন আগে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছাড়া গ্রেড-১ ও ২ প্রাপ্য হন, সে জন্য সরকারের সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে অর্থ মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে অনাপত্তি দেবে।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বাস্তবে বেতন সমস্যা সমাধানের কাজটি করতে হবে অর্থ মন্ত্রণালয়কে। তবে তিনি আশাবাদী শিগগিরই এ সমস্যার সমাধান হবে।