বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, কলেজ শিক্ষকেরাও আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণার দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা l প্রথম আলো
অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণার দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা l প্রথম আলো

অষ্টম জাতীয় বেতনকাঠামোতে বেতনবৈষম্য দূর না হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৭টি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একই সঙ্গে শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।
অন্যদিকে বেতনকাঠামোয় সিলেকশন গ্রেড বাদ দেওয়ার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দেশের সবগুলো সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। শিক্ষা ক্যাডারে এখন মোট কর্মকর্তা প্রায় ১৪ হাজার।
সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার গতকাল প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে কলেজের অধ্যাপকেরা চতুর্থ গ্রেডের কর্মকর্তা। সিলেকশন গ্রেডের জন্য এত দিন কিছুসংখ্যক অধ্যাপক গ্রেড-৩ পেয়েছেন। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় এখন এটা বন্ধ হয়ে গেল। ফলে শিক্ষকেরা আরও বৈষম্যের শিকার হবেন।
কর্মবিরতি ও অর্থমন্ত্রীর সমালোচনা: শিক্ষকদের কর্মবিরতি চলার মধ্যেই সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের আন্দোলনের সমালোচনা করে বলেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই। তাঁরা জানেনই না যে নতুন বেতনকাঠামোতে তাঁদের জন্য কী আছে, কী নেই।
এ খবর গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হওয়ার পরই শিক্ষকদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, শিক্ষকদের বিষয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্য শুধু অনভিপ্রেতই নয়, অসংলগ্নও বটে। অর্থমন্ত্রী অতীতে অন্যদের ক্ষেত্রেও বিরূপ মন্তব্য করেছেন। এসবের মাধ্যমে তিনি জাতির কাছে নিজেকে ইতিমধ্যে হাস্যকর করে তুলেছেন। বস্তুতপক্ষে বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে তাঁর জ্ঞানের অভাবের কারণেই তিনি এরূপ দায়িত্বহীন মন্তব্য করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকদের পদোন্নতিকে ঘিরে তিনি যখন দুর্নীতির কথা বলেন, অন্যদিকে হল-মার্ক কেলেঙ্কারিকে তিনি কিছুই মনে করেন না এবং বেসিক ব্যাংক কেলেঙ্কারি অত্যন্ত হালকাভাবে দেখেন, তখন তাঁর মুখে অন্তত জাতি গঠনের কারিগর শিক্ষকদের বিষয়ে এরূপ অবাঞ্ছিত বক্তব্য নিতান্তই অশোভন।
ঘোষিত বেতনকাঠামো সম্পর্কে বিবৃতিতে বলা হয়, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চার দফা দাবির কোনোটিই গ্রহণ করা হয়নি, এমনকি দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনাও দেওয়া হয়নি। অনতিবিলম্বে শিক্ষকদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
এদিকে কর্মবিরতির কারণে শিক্ষকেরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা নেননি। শিক্ষার্থীরাও এ কর্মসূচিকে সমর্থন দিচ্ছেন। কর্মবিরতির পাশাপাশি বেলা ১১টার দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে ফেডারেশন ও সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি প্রতিবাদ মিছিল করেছেন। একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও প্রতিবাদ মিছিল করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতির পাশাপাশি বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে মিছিল বের করেন।
কর্মবিরতির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হুমকি দিয়েছেন, দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের আসন্ন স্নাতক ভর্তি পরীক্ষা বর্জন করবেন তাঁরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারও পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব, জেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা)