বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও গ্রেড সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। দুপুর একটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণিকক্ষ ছেড়ে কলা ভবনের সামনে বটতলায় আয়োজিত সমাবেশস্থলে এসে যোগ দিয়েছেন। অনেক শিক্ষক চলে এসেছেন। আরও অনেকে আসছেন। সেখানে ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল তাঁর বক্তব্যে বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা সরকারেরই প্রতিশ্রুতি বলে তাঁরা মনে করেন। কিন্তু সে প্রতিশ্রুতি বেতন স্কেলে প্রতিফলিত হয়নি। তাঁরা মনে করছেন, এটি প্রতিফলিত না হওয়ার জন্য একটি মহল কাজ করছে। শিক্ষকেরা আশা করছেন, আজকের কর্মসূচির পর ওই মহলটিও বিষয়টি অনুধাবন করবেন। দাবি পূরণ না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচি পালন করবেন।