বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: সাবিনা ইয়াসমিন
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: সাবিনা ইয়াসমিন

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আজ মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কোনো কাজ হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায়ে ক্যাম্পাসে মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল ও শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো প্রবর্তন করাসহ চার দফা দাবিতে আজ কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হতে দেখা যায়নি। শিক্ষার্থীরাও এ কর্মসূচিকে সমর্থন দিচ্ছেন। শিক্ষকদের কর্মবিরতি সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ক্যাম্পাসে শিক্ষকেরা নিজেদের দাবির পক্ষে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কার্জন হল হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ করেন শিক্ষকেরা। সমাবেশে ফেডারেশন ও সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, ফেডারেশনের মহাসচিব ও সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, কার্যনির্বাহী সদস্য এ জে এম শফিউল আলম ভূইয়া, কলা অনুষদের ডিন আখতারুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বেতনকাঠামো বাস্তবায়ন কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি রাখার দাবি জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবি এবং অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদার অবমূল্যায়ন ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদে আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচি পালনের সঙ্গে পৃথকভাবে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এ ছাড়া এই দুই দিন বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে আজ সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকেরা দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রসঙ্গত, সচিবালয়ে নতুন পে-স্কেল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছেন। তাঁদের কর্মবিরতির কোনো যুক্তি নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। যোগ দিয়েছেন প্রতিবাদ র‍্যালিতেও। আজ বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সিনেট ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্যাম্পাসে বেলা ১১টার দিকে কর্মবিরতি ও শোভাযাত্রা করে। ছবি: মো. শাহীদুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ক্যাম্পাসে বেলা ১১টার দিকে কর্মবিরতি ও শোভাযাত্রা করে। ছবি: মো. শাহীদুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

একই দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ বেলা ১১টায় ক্যাম্পাসে র‍্যালি রের করে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এন এইচ এম কামরুজ্জামান সরকারসহ বিভিন্ন বিভাগের প্রধান, ডিন ও সিন্ডিকেট সদস্যসহ সাধারণ শিক্ষকেরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে একটি র‍্যালি বের করেন শিক্ষকেরা। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের আসন্ন স্নাতক ভর্তি পরীক্ষা বর্জনেরও হুমকি দেন তাঁরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।