বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণে সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণে চিন্তা-ভাবনা শুরু করেছে সরকার। তবে এ নিয়ে আলোচনা শুরু হলেও শিগগির সমাধানের সম্ভাবনা নেই। কারণ বৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী অন্তত এক মাসের মধ্যে বৈঠকে বসতে পারছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা কীভাবে নির্ধারণ করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হলেও এটা কবে, কখন শেষ হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে মূল কাজ করবে মন্ত্রিসভা কমিটি।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার বৈঠক করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকে মূলত শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়গুলো নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
এর আগে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী সবার বেতন দ্বিগুণ করার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পরও অসন্তোষ সৃষ্টি হওয়ায় বিরক্তি প্রকাশ করেন বলে মন্ত্রিসভার একটি সূত্র জানায়।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি জানিয়ে প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য বিকল্প খোঁজা হচ্ছে। এ জন্যই বেতন বৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এর আগ পর্যন্ত শিক্ষকদের বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল থাকবে। তিনি শিক্ষার্থীদের ক্ষতি না করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, ঈদের পর বেতন বৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হবে। তবে ঈদের পরপর এই বৈঠকের সুযোগ নেই। কারণ, এই কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী ২২ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিদেশে থাকবেন।
আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক যাবেন। ফিরবেন ৩ অক্টোবর।
অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন। এরই মধ্যে ৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই অষ্টম বেতন স্কেল অনুমোদন করে মন্ত্রিসভা। এতে বেতন বেড়ে দ্বিগুণ হলেও পদমর্যাদা কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন জোরদার হয়। কর্মবিরতির কারণে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হতে পারে বলেও তাঁরা জানিয়েছেন। ঈদের ছুটি শেষে তাঁরা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।
এ রকম পরিস্থিতিতে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর মধ্যে আলোচনা হয়। গত শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে শিক্ষক নেতারা যেসব দাবি ও সমস্যার কথা তুলে ধরেছিলেন, তা অর্থমন্ত্রীকে অবহিত করেন শিক্ষামন্ত্রী। অর্থমন্ত্রী এ সময় শিক্ষামন্ত্রীকে শিক্ষকদের সমস্যাগুলো বিস্তারিতভাবে বেতন বৈষম্য-সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে উঠানোর জন্য পরামর্শ দেন।
আন্দোলন-আলোচনা একসঙ্গে চালিয়ে যাবেন শিক্ষকেরাউল্লেখ্য, সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে ২৫ শতাংশ এত দিন সিলেকশন গ্রেড পেয়ে গ্রেড-১-এ (সচিবদের সমান) যাওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু অষ্টম স্কেলে সিলেকশন গ্রেড বাতিল করায় এখন শিক্ষকদের গ্রেড-২-এ (অতিরিক্ত সচিব) গিয়েই চাকরি শেষ করতে হবে। উপরন্তু, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের বাইরেও জ্যেষ্ঠ সচিবদের জন্য আরও একটি বিশেষ গ্রেড সৃষ্টি করায় শিক্ষকেরা অভিযোগ করেছেন, এর মাধ্যমে তাঁদের পদ কার্যত আরও অবনমন হবে। এ জন্য তাঁরা এখন আন্দোলনে নেমেছেন।
জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, তাঁদের একটাই চাওয়া, তাহলো শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ঈদের পর তাঁরা বসে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তিনি বলেন, পৃথক বেতনকাঠামোর জন্য অন্তত এখনই একটি কমিশন গঠন করে দিয়ে কাজ শুরু করা হোক। আর এই অন্তর্বর্তী সময়ে বর্তমানে সিলেকশন গ্রেড পাওয়া অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের সমান ও অন্য অধ্যাপকদের সচিবদের সমমর্যাদা দেওয়া হোক। আর প্রভাষকদের অবস্থান সপ্তম গ্রেডে নির্ধারণ করা হোক। সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের মর্যাদাও বাড়ানো হোক।
অন্যদিকে সরকারি কলেজশিক্ষকেরাও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিয়ে আন্দোলনে নামলেও তাঁদের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার উদ্যোগ নেই। তাঁরা ইতিমধ্যে তিন দিন কর্মবিরতি করেছেন।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, কলেজশিক্ষকদের পক্ষ থেকে কোনো দাবির কথা তাঁকে জানানো হয়নি। ঢাকার বাইরে গিয়ে তিনি জানতে পারেন এই কর্মবিরতির কথা। তারপরও তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।