বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দুই ঘণ্টার কর্মবিরতি
বেতন ও মর্যাদা (গ্রেড)-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকেরা বলেছেন, দাবি পূরণ না হলে ১১ জানুয়ারি থেকে ঘোষিত লাগাতার কর্মবিরতি কঠোরভাবে পালন করা হবে। এবার মর্যাদার এই লড়াইয়ে তাঁরা কোনোভাবেই পিছিয়ে যাবেন না।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নিজ নিজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে। ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, তাঁরা যে খবর পেয়েছেন, তাতে সব বিশ্ববিদ্যালয়েই কর্মসূচি পালিত হয়েছে।
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বেলা দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। কর্মবিরতি চলাকালে শিক্ষকেরা কলাভবনের সামনের বটতলায় অবস্থান নেন। সেখানে প্রায় আড়াই ঘণ্টা চলা অবস্থান কর্মসূচিতে বেশ কয়েকজন শিক্ষক নেতা বক্তব্য দেন।